ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাঁর গাড়িবহর জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে নির্বাচন কমিশনের দিকে যাত্রা করে।
নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন তারেক রহমান। এ সময় তিনি প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।
বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে দেশের যেকোনো একটি নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ইতোমধ্যে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত।

