Tuesday, November 10

দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে গেছেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন।

এদিকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন।

গত বছর গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ড. সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি এক বছর চার মাসেরও বেশি সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

ড. সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভের পর ১৯৮৪ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিচার বিভাগে তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ২০০৩ সালের ২৭ এপ্রিল, যখন তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন।

দেশের উচ্চ আদালতের ইতিহাসে ড. সৈয়দ রেফাত আহমেদ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনিই একমাত্র বিচারক, যিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত অবস্থায় সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন।

আইন ও বিচার অঙ্গনে তাঁর অবসর গ্রহণকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
81 + = 84