ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের হামলার ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। বহিরাগতদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। তবে সংগীতশিল্পী জেমসের কনসার্টের খবরে অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক স্কুল চত্বরে জড়ো হন।
ভেতরে প্রবেশের অনুমতি না পেয়ে তারা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজক কমিটির পক্ষ থেকে বাইরে দুটি প্রজেক্টর বসানো হয়, যাতে বাইরের দর্শকরাও অনুষ্ঠান উপভোগ করতে পারেন। কিন্তু এতেও সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে ৯টার দিকে বহিরাগতদের একটি অংশ দেয়াল বেয়ে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করে।
এতে বাধা দিলে তারা স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইট-পাটকেল ছুড়তে শুরু করে। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে ওঠে। বহিরাগতদের ছোড়া ইট-পাটকেলে স্কুল প্রাঙ্গণের অন্তত ৩০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১০টার কিছু আগে নিরাপত্তা উপ-পরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন।
তিনি বলেন, “বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেমসের আগমনের খবরে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হন। এত বিপুল সংখ্যক মানুষকে স্কুলের ভেতরে জায়গা দেওয়া সম্ভব ছিল না।
তিনি বলেন, “বহিরাগতদের ভেতরে ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

