Tuesday, November 10

যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দীর্ঘ ছয় হাজার ৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমানটি। তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের খবর ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পাশাপাশি অনেক গণমাধ্যমই তাকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, “বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন।” একই সঙ্গে বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ আকারে প্রকাশ করা হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল— “১৭ বছর পর ঢাকায় তারেক রহমান”। এতে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশের মাটিতে ফিরেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও তারেক রহমানের দেশে ফেরার ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। রয়টার্স জানায়, আসন্ন নির্বাচন সামনে রেখে এমন একজন নেতা দেশে ফিরছেন, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬০ বছর বয়সী তারেক রহমান এমন এক সময়ে দেশে ফিরেছেন, যখন ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে এবং তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের শিরোনামে লিখেছে, “১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধীদলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন।” প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক পরিচিতি, নির্বাসনের পটভূমি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস লিখেছে, “প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন।”

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলছে। তারা দাবি করছে, তারেক রহমানের বাংলাদেশে ফেরা ভারতের জন্য ইতিবাচক বার্তা বহন করতে পারে। ভারতীয় সাময়িকী দ্য উইক তাদের শিরোনামে প্রশ্ন তোলে— “তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর?”— এবং এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করে।

Leave A Reply


Math Captcha
+ 28 = 37