Tuesday, November 10

নানা জল্পনা-কল্পনার পর জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে জুলাইযোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এরই মধ্যে দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এনসিপি আগে থেকেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে—এমনটি প্রায় নিশ্চিত ছিল। তবে জোট কার সঙ্গে হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা চলছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাকি জামায়াতে ইসলামীর সঙ্গে—এই দ্বিধার অবসান ঘটিয়ে এখন স্পষ্ট হয়েছে, জামায়াতের সঙ্গেই জোটে যাচ্ছে এনসিপি।

সূত্র জানায়, আসন ভাগাভাগি নিয়ে উভয় দলের মধ্যে দড়ি টানাটানি চলছে। এনসিপির পক্ষ থেকে ৫০টির বেশি আসনে ছাড় দাবি করা হয়েছে। তবে জামায়াত নেতারা বলছেন, আসন সমঝোতার ক্ষেত্রে জরিপকে গুরুত্ব দেওয়া হবে। যেসব আসনে মিত্রদের জয় নিশ্চিত, কেবল সেসব আসনই ছেড়ে দেওয়া হবে। যেখানে পরাজয়ের সম্ভাবনা রয়েছে, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, এনসিপির সঙ্গে নির্বাচনি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, এ ছাড়া আরও ডজনখানেক রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে যোগাযোগ করছে।

এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের বিষয়ে দলের ভেতরে রেজুলেশন পাস হয়েছে। এ বিষয়ে যোগাযোগ ও আলোচনা চালানোর দায়িত্ব সভাপতি ও সেক্রেটারিকে দেওয়া হয়েছে। ইতোমধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আট দলীয় জোটের ভেতরেও আলোচনা শুরু হয়েছে। কারণ আসন সমঝোতার আলোচনা চলাকালে নতুন একটি দল যুক্ত হলে বিদ্যমান শরিকদেরও আসন ছাড় দিতে হবে।

এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আট দলের সঙ্গে এনসিপিও যুক্ত হতে চাচ্ছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, দলটির একজন সহকারী মহাসচিব বলেন, জুলাইযোদ্ধাদের দল হিসেবে এনসিপি যদি আট দলের জোটে আসে, তাহলে সবাইকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।

Leave A Reply


Math Captcha
92 − = 84