Tuesday, November 10

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে তিনি এই উৎসবে অংশ নেন।

একটি ভিডিও বার্তায় সারাহ কুক বলেন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে এই দেশের অসংখ্য সুন্দর দিক কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তার। এর মধ্যে সবচেয়ে প্রিয় বিষয়গুলোর একটি হলো বাংলাদেশের শাড়ি।

তিনি বলেন, “টাঙ্গাইল হলো ঐতিহ্যবাহী হাতে বোনা বা তাঁতের শাড়ির আবাসভূমি। প্রতিটি শাড়ি নিষ্ঠা, দক্ষতা ও যত্নের সঙ্গে তৈরি করা হয়। এই তাঁতিরা শুধু পোশাকই তৈরি করছেন না, তারা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করছেন।”

সারাহ কুক আরও বলেন, “আমি এখন ঢাকায় ফিরে এসেছি এবং ব্রিটিশ হাইকমিশনে আমরা আমাদের ক্রিসমাস পার্টি উদযাপন করছি। আজ আমি আমার সুন্দর টাঙ্গাইল শাড়ি পরেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা ব্রিটিশ ও বাংলাদেশি ঐতিহ্যের একটি সুন্দর মেলবন্ধন উদযাপন করছি।”

বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদের এবং আপনাদের পরিবারকে জানাই খুব, খুব শুভ বড়দিনের শুভেচ্ছা। ২০২৬ সালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে ওঠার দিকে আমি আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি।”

উল্লেখ্য, বড়দিন উপলক্ষে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন শুভেচ্ছা বার্তা দিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
2 + 2 =