বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পূর্বঘোষণা অনুযায়ী টঙ্গী ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা পায়ে হেঁটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
জানা যায়, তারেক রহমানের ঢাকায় আগমন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি টঙ্গী ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে টঙ্গী ফ্লাইওভারের চেরাগআলী এলাকা এবং আব্দুল্লাহপুরে ডিএমপির ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘জনশৃঙ্খলা রক্ষা এবং গণপরিবহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রায় দেড় যুগ পর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।
সংবর্ধনায় অংশ নিতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় আসছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে টঙ্গী-আব্দুল্লাহপুর অন্যতম হওয়ায় এই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫৯টি রুটের এই প্রবেশপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) যৌথভাবে দায়িত্ব পালন করছে।

