কুমিল্লার দেবিদ্বারে নাজমুল হাসান নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে দেবিদ্বার থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব।
আটক নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর প্রবাসী জালাল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে দেবিদ্বার পৌর সদরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন নাজমুল হাসান। তবে গত ১৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী নাজমুল হাসানকে তার বাবার মুদিখানার দোকান থেকে আটক করেন। পরদিন ১৪ ডিসেম্বর (রোববার) একটি নাশকতার মামলায় তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনায় বিবৃতি দিয়ে ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার বলেন,
“নাজমুল হাসান কোনোভাবেই আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত নয়। বরং তিনি ২০১৬ সাল থেকে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের একজন সক্রিয় সদস্য। তাকে স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে ফাঁসানো একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন,
“বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে একজন নিরপরাধ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো রাষ্ট্র ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। এটি ছাত্রসমাজকে ভয় দেখানোর অপচেষ্টা।”
আল্লামা রায়হান রাহবার অবিলম্বে নাজমুল হাসানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানান।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“যদি অবিলম্বে এই অন্যায়ের প্রতিকার না হয়, তবে ইনসানিয়াত বিপ্লব দেশব্যাপী শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এ ঘটনায় স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরাও গভীর উদ্বেগ প্রকাশ করে নাজমুল হাসানের মুক্তির দাবি জানিয়েছেন।

