বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সালাহদ্দিন আহমদ।
তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সালাহদ্দিন আহমদ আরও জানান, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। একই দিন তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। কর্মসূচির শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে যাবেন তারেক রহমান।

