ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম চূড়ান্ত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাশেদ খান।
রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘ওই বৈঠকে আমাকে জানানো হয়েছে যে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আমার নাম চূড়ান্ত করা হয়েছে।’
রাশেদ খান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ আসনে জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে এবং বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, এই আসনে বিএনপির নিজস্ব কোনো নেতাকে মনোনয়ন দেওয়া উচিত ছিল।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি আসনে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ করেছে। বাকি তিনটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

