Tuesday, November 10

মৌলবাদীদের অন্ধ ক্রোধের আগুনে পুড়ে মাত্র ৩০ বছর বয়সেই প্রাণ হারালেন বাংলাদেশের ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা, কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাস। সংখ্যালঘু হিন্দু যুবকের এই নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিন্তু বিশ্বজুড়ে প্রতিবাদের স্রোত বইলেও প্রশ্ন থেকে যাচ্ছে—দীপুকে হারানো পরিবারের পাশে দাঁড়াচ্ছে ক’জন?

গত ১৮ ডিসেম্বর হাসিনা-বিরোধী যুব নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনার পর দেশজুড়ে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিরীহ শ্রমিক দীপুচন্দ্র দাসকে কারখানার বাইরে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। পরিবার জানায়, ঘটনার আগে বা পরে এলাকায় এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত তারা পাননি।

মঙ্গলবার ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামে দীপুর শেষকৃত্যে এক করুণ দৃশ্যের অবতারণা হয়। দেড় বছরের কন্যাসন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন দীপুর স্ত্রী মেঘনারানি দাস। মাত্র ২১ বছর বয়সে বিধবা হওয়া মেঘনারানির প্রশ্ন—
“এই ছোট্ট মেয়েকে রেখে দীপু চলে গেল। এখন আমাদের কী হবে? সরকার দেখুক।”

স্থানীয় প্রশাসন দীপুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেঘনারানিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে—এত বড় ক্ষতির কি আদৌ কোনো পূরণ সম্ভব?

পরিবারের ভাষ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর রাত ২টার দিকে দীপু গ্রামের বাড়িতে ফিরেছিলেন। স্ত্রী-সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ১৭ ডিসেম্বর ভোরে আবার কর্মস্থল তারাকান্দায় ফিরে যান। ঘটনার দিন ১৮ ডিসেম্বর বিকেল ৫টার দিকেও স্ত্রীর সঙ্গে তার কথা হয়। মেঘনারানি বলেন,
“ও সব সময় মেয়ের খবর নিত। কখনও বলেনি কারখানায় কোনো ঝামেলা আছে। কোনো অপরাধ ছাড়াই আমার স্বামীকে মেরে ফেলা হলো।”

দীপুচন্দ্র দাসের বাবা রবিচন্দ্র দাস নিজেও একজন শ্রমিক। বড় ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তিনি বলেন,
“ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ার সময় পড়াশোনা বন্ধ করে গার্মেন্টসে কাজ শুরু করেছিল। সংসারের হাল ধরেছিল সে-ই। কিন্তু আমার ছেলেটারে শেষ কইরা দিছে।”

দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে—বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় সহিংসতা এবং রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে। আন্তর্জাতিক মহলে বিষয়টি আলোচনায় এলেও বাস্তবতায় দীপুর পরিবার আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

Leave A Reply


Math Captcha
+ 80 = 81