শহীদ শরিফ ওসমান হাদি স্মরণে এবং তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে ‘শহীদি শপথ’ পাঠ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শপথ পাঠ করান।
শপথ পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন,
“মৃত্যুর আগে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। আমাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আমরা বারবার রক্ত দেব। বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, দেব।”
তিনি বলেন, শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের বেঈমানি করা হবে না।
ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না উল্লেখ করে তিনি আরও বলেন, তার জানাজায় প্রায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে। সে সময় সহিংসতার পথে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আগামীতেও সোচ্চার থাকবে।
তিনি বলেন,
“গুলি শুধু ওসমান হাদির মাথায় করা হয়নি, গুলি করা হয়েছে বাংলাদেশের মাথায়।”
তিনি আরও দাবি করেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

