Tuesday, November 10

চাল ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন,
“আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ছে। কারণ চীন বিপুল পরিমাণ চাল কিনছে। তারা মূলত ভিয়েতনাম থেকে চাল সংগ্রহ করছে, যার প্রভাব বাজারে পড়ছে। তবুও এবার আমরা ৫০ হাজার টন চাল গতবারের তুলনায় কিছুটা কম দামে পাচ্ছি। এটা আমাদের জন্য স্বস্তির।”


সার ও ডাল আমদানির সিদ্ধান্ত

অর্থ উপদেষ্টা জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনা হচ্ছে, পাশাপাশি আরও ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে।
তিনি বলেন,
“সারের দাম মোটামুটি ভালোই পাচ্ছি।”

এ ছাড়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোজার বাজার প্রস্তুতির অংশ হিসেবে রাইস ব্র্যান অয়েল আমদানিও বাড়ানো হবে বলে জানান তিনি।


ভারত-ভিয়েতনাম প্রসঙ্গ ও কূটনৈতিক সম্পর্ক

ভারতের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে মন্তব্য করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,
“ভারত থেকে চাল না এনে ভিয়েতনাম থেকে আনতে গেলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি খরচ পড়বে। আমি বিশ্বাস করি, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ হবে না।”

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন,
“এই ইস্যুতে কাজ হচ্ছে। বিস্তারিত বলা যাবে না। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন—‘উই আর ট্রাইং হার্ড’।”

তিনি আরও বলেন,
“কিছু বক্তব্য আসে, যেগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। পার্শ্ববর্তী দেশসহ কোনো দেশের সঙ্গে খারাপ সম্পর্ক হোক, তা আমরা চাই না। ভারত নিয়ে অনেক বক্তব্য রেটোরিক। আমরা অবশ্যই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই এবং সে জন্য চেষ্টা করছি।”


উন্নয়ন প্রকল্পে অনুমোদন

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান—

  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন
  • স্থানীয় সরকারের চারটি সড়ক প্রকল্পে সিদ্ধান্ত
  • ময়মনসিংহে বিদ্যুতের ১৯টি সাবস্টেশন বিতরণ প্রকল্প অনুমোদন

এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,
“অস্ট্রেলিয়া কঠোর সময়সীমা দিয়েছে। এর মধ্যে কাজ না করলে তারা অনুমতি প্রত্যাহার করে নেবে।”

Leave A Reply


Math Captcha
2 + 8 =