Tuesday, November 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানান তিনি। আবেদনে তার জন্য ব্যক্তিগত নিরাপত্তা হিসেবে একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান হিরো আলম।

এদিকে রাজনৈতিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে তিনি এখনই কোনো দল থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

হিরো আলম বলেন,
“দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং সাধারণ মানুষের পাশে থাকা।”

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনে তার সাম্প্রতিক সক্রিয়তা, ধারাবাহিক প্রচারণা ও সাহসী অবস্থান ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলে তার রাজনৈতিক যাত্রা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
+ 34 = 36