Tuesday, November 10

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পাশাপাশি চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে শঙ্কামুক্ত।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শুরুতে জানা যায়, সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তবে পরে কেএমপি জানায়, ঘটনাটি সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ রোডের ‘মুক্তা হাউজ–১০৯’ নামের একটি বাসায় ঘটে।

কেএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশের কাছে রাস্তায় গোলাগুলির ঘটনা বলে যে তথ্য দেওয়া হয়েছিল, তা সঠিক নয়। বাস্তবে মোতালেব শিকদার ওই ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন। বাসাটি তার নারীসঙ্গী তন্বীর, যেখানে তিনি গত দুই মাস ধরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের একটি গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগের দিন রাত সাড়ে ১২টার দিকে দুজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন।

তদন্তে উঠে এসেছে, মোতালেব শিকদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কেএমপির উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, “এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদক সংশ্লিষ্ট দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।”

এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে কেএমপি জানায়, গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্বী নামে এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় এক মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী পরিচয় দিতেন এবং তার বাসায় নিয়মিত একাধিক পুরুষের যাতায়াত ছিল। বিষয়টি জানার পর চলতি মাসেই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। তার আগেই এই ঘটনা ঘটে।

Leave A Reply


Math Captcha
+ 20 = 27