Tuesday, November 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটে জনসচেতনতা ও প্রচারণার লক্ষ্যে সারাদেশে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই সুপার ক্যারাভানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্য সামনে রেখেই ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে।

তিনি জানান, এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

ড. ইউনূস বলেন, ভোটাধিকার কোনো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা নির্ধারণ করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

তিনি আরও বলেন, এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িবহর নয়; এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী এক যাত্রা। এটি মানুষকে জানিয়ে দেবে একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এবং স্মরণ করিয়ে দেবে—নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।

তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।

তিনি বলেন, সরকার এমন একটি নির্বাচন চায় যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা—থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। এই পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এবারের নির্বাচনে ভোটাররা আরও একটি ভোট দেবেন—জুলাই সনদে। দীর্ঘ ৯ মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে এই সনদ প্রণয়ন করা হয়েছে। জনগণ এই সনদ সমর্থন করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদ ও স্থিতিশীল পথে এগোবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, যদি এই সনদ সমর্থন করেন, তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন।

শেষে প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। ভোট দিন—নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং একটি নতুন বাংলাদেশের জন্য।

Leave A Reply


Math Captcha
50 − = 40