Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করেছেন। তাকে অভিনন্দন জানাই। আশা করি, তার এই যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।”

নিজ বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, “আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছি। বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়ায় বিএনপি মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

দলীয় সূত্র জানায়, বিএনপিতে যোগদানের পর সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে ওই আসনে বিএনপির বর্তমান প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন। পরে তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।

এছাড়া, গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগদান করেন।

Leave A Reply


Math Captcha
27 + = 34