Tuesday, November 10

সোমবার (২২ ডিসেম্বর) এক পোস্টে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

পোস্টে উল্লেখ করা হয়েছে, “দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে।”

এদিকে শহীদ হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার রাজধানীর শাহবাগে ‘শহীদ হাদি চত্বরে’ সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হত্যাকাণ্ড নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে।

ইনকিলাব মঞ্চ আরও দাবি করেছে, বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্তের প্রয়োজনে এফবিআইকে যুক্ত করা উচিত।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। এর একদিন পর, ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। মরদেহ দেশে আনা হয় ১৯ ডিসেম্বর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রাখা হয়। পরদিন শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ জানাজার জন্য নেয়া হয় জাতীয় সংসদ ভবন এলাকায়। হাদির মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হয়, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Leave A Reply


Math Captcha
− 6 = 2