Tuesday, November 10

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ২০ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। পুলিশ বাধা দিলে তারা উত্তেজনাকর স্লোগান দিতে থাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোন কলের মাধ্যমে আরও লোক জড়ো করে।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০–৫০০ জন দুষ্কৃতকারী রাত ১১টা ৫০ মিনিটে কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে প্রবেশ করে। তারা ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচ ভেঙে আসবাবপত্র, মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন তলার প্রায় দেড় শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা নগদ অর্থ এবং প্রকাশনাসমূহ লুট করে নিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়েছে, দুষ্কৃতকারীরা সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে বাধা দেয়।

প্রথম আলো কর্তৃপক্ষের দাবি, হামলার সময় লুটপাট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।

Leave A Reply


Math Captcha
13 + = 14