দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনায় থানা-পুলিশ গ্রেপ্তার করেছে ১৩ জন। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেপ্তার করেছে তিনজন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে একজন। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় দুটি কার্যালয়ই।
একই রাতে ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট-সংস্কৃতি ভবনেও হামলার ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত অব্যাহত রয়েছে এবং শনাক্ত হওয়া অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

