জামায়াত আমির সহ অনেকের আবেদন
জুলাই যোদ্ধা, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখসারির কয়েকজন নেতাকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদানের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন— অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
এছাড়া বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ-সদস্য প্রার্থী গানম্যান ও ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, আবেদনের ভিত্তিতে শিগগিরই কয়েকজন রাজনীতিককে গানম্যানসহ অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে। এ তালিকায় রয়েছেন— গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ডেমরা-যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন, পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ আরও কয়েকজন।
এদিকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়া হবে। পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি সূত্রগুলো জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাসিবাদী শক্তিগুলো নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিশেষ করে শেখ হাসিনার পতনের দিন গত বছরের ৫ আগস্টের পর থেকেই জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধারা নিয়মিত হুমকির মুখে রয়েছেন। আত্মগোপনে থাকা বা বিদেশে পলাতক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং তাদের দোসররা জুলাই যোদ্ধাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জুলাই আন্দোলনে সক্রিয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বিদেশি নম্বর থেকে। শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। দেশে ও বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাদির মৃত্যুর পর সরকারের মধ্যে এই উপলব্ধি আরও দৃঢ় হয়েছে যে, জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত নেতাদের যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাদির মতো জীবনঝুঁকিতে রয়েছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এনসিপির হাসনাত আবদুল্লাহসহ আন্দোলনের আরও অনেক সম্মুখসারির যোদ্ধা ও রাজনীতিক— যাদের বিষয়ে নিয়মিত হুমকির তথ্য সরকারের গোয়েন্দা সংস্থার কাছেও রয়েছে।

