Tuesday, November 10

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

রবিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কর্মসূচির এ ঘোষণা দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর রাত ১১টা ১৮ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া আরেকটি স্ট্যাটাসে বলা হয়—
“খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।”

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে প্রচার চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave A Reply


Math Captcha
39 − = 34