Tuesday, November 10

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। রাশেদ খান অভিযোগ করে বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণেই বারবার বেগম খালেদা জিয়াকে হেনস্থা করা হয়েছে, মামলা দিয়ে কারাগারে নেওয়ার মাধ্যমে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, এমনকি ন্যূনতম চিকিৎসাও দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব বলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান আরও বলেন, তারেক রহমানকে নিয়ে পূর্ব থেকেই আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তার দেশে না ফেরা নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, তাদের সমালোচনা করে তিনি বলেন—এদের আচরণ দেখে মনে হয়, ‘মায়ের চেয়ে মাসীর দরদ বেশি’।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন; তিনি গণতন্ত্রকামী সব দলের নেতা। দেশের মানুষ আজ তার জন্য কাঁদছে—এটাই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও প্রিয়।

দোয়া মাহফিলে রাশেদ খানের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন।

Leave A Reply


Math Captcha
58 − = 52