Tuesday, November 10

এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে বহিষ্কার করার ক্ষেত্রে দলের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের প্রভাব ও চাপের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তোলেন এনসিপির বহিষ্কৃত কেন্দ্রীয় সংগঠক মুনতাসির।

পোস্টে তিনি দাবি করেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘ধমকিয়ে’ তাকে বহিষ্কার করিয়েছেন উপদেষ্টার ভাই মাহবুব আলম। তিনি লেখেন, “মনে হচ্ছে দলের আহ্বায়ক স্বয়ং ওদের কাছে জিম্মি।”

মুনতাসির অভিযোগ করেন, দুর্নীতিবাজ কোরামের বিরুদ্ধে কথা বলায় তাকে এবং আগের কয়েকজন যোগ্য নেতাকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “জুনায়েদ ভাই, রাফে ভাইরা পদ নয়, দুর্নীতি ও প্রভাবশালীদের কাছে মাথা নত না করার কারণেই এনসিপি ছেড়েছেন।”

নিজের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ও এ নিয়ে প্রচার হওয়া সংবাদ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুনতাসির বলেন, “আপনাদের কেউ যদি এমন অপবাদে পরিবার-সমাজে হেয় হন, কেমন লাগবে? দল কেন পরিষ্কার করে বলল না যে আমি ওই সমকামী মুনতাসির নই?”

তিনি অভিযোগ করেন, উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব তার চাকরি থেকে অন্যায়ভাবে তাকে বরখাস্ত করিয়েছেন এবং প্রকাশ্যে হুমকিও দিয়েছেন। “মিতু আপার সামনেই সে বলেছে আমার চাকরি সে খেয়ে দেবে। আমার দেওয়া প্রমাণের পরও দল কোনো ব্যবস্থা নেয়নি,” বলেন মুনতাসির।

এছাড়া উপদেষ্টার নির্দেশে তার ওপর পুলিশি হামলা, দলীয় কর্মীদের আহত হওয়া, রাতভর অবস্থান এবং পরদিন ৩০০-এর বেশি সমর্থক থাকা সত্ত্বেও তার কথা আর না শোনা—এসব ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, পেছনে লোক লাগানো হয়েছে এবং তার সংগঠনিক জোনে গ্রুপিং তৈরি করা হচ্ছে। কোনো তদন্ত ছাড়াই তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ তার।

শেষে তিনি প্রশ্ন তোলেন, “এত অন্যায় সহ্য করার পর যেকোনো মানুষের মতো আমিও কথা বলেছি। আমার জায়গায় থাকলে আপনারা কী করতেন?”

Leave A Reply


Math Captcha
88 − = 85