বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, দেশে একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মের নামে রাজনীতি করে এবং নারীর ওপর চলমান নির্যাতনের পেছনে তারা দায়িত্বশীল। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, ‘ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়—এমন একটি দলের হাতে আজ নারীরা নির্যাতিত হচ্ছে।’
‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সমাবেশ শেষে অংশগ্রহণকারী নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, পরিচালনা করেন সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বক্তৃতা করেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীনসহ সংগঠনের অন্যান্য নেত্রীরা।
নারী নির্যাতনে আইন প্রয়োগে ব্যর্থতার অভিযোগ
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। আইন কঠোর হলেও তার প্রয়োগ দুর্বল হওয়ায় ধর্ষক ও নির্যাতনকারীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কিছু ক্ষেত্রে শক্ত আইন প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহারের দিকেও নজর দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী নারীদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে কর্মঘণ্টা কমানোর প্রস্তাব করছে, যা নারীর কর্মসংস্থান কমিয়ে দেবে এবং নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। তিনি প্রশ্ন রাখেন—নারীরা কি কর্মসংস্থান কমে যাওয়া চান? জবাবে সমাবেশে উপস্থিত নারীরা একসঙ্গে ‘না’ বলে সাড়া দেন।
নারী-পুরুষ সমান অংশীদারিত্বের প্রতিশ্রুতি
বিএনপির এই নেতা দাবি করেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে নারীদের জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা করছে, যাতে শিক্ষা, কর্মসংস্থান, পরিবার, সামাজিক নিরাপত্তা—সকল ক্ষেত্রে নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পেতে পারেন।
রাজশাহীতে নারী নির্যাতন নিয়ে সমালোচনা
রাজশাহীর কাটাখালীতে প্রচারের সময় দুই নারী কর্মী নির্যাতনের শিকার হওয়ার ঘটনাকে ‘অত্যন্ত লজ্জাজনক’ উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করা একটি গোষ্ঠী তাদের জুতা পেটা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে মামলা দেওয়ার ঘটনাও তিনি নিন্দা করেন।
শেষে তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হওয়া উচিত যেখানে ধর্ম-বর্ণ-সংস্কৃতি নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। ‘আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের পরিচয়,’ উল্লেখ করে তিনি ন্যায় ও সমান অধিকারের ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান।

