Tuesday, November 10

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ‘জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি’ তুলে ধরেন। ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে এবং পরে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টা জানান, আদেশটি স্বাক্ষর শেষে গেজেট প্রকাশের পর্যায়ে রয়েছে।

ড. ইউনূস বলেন, “আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না; বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদের সদস্যরা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরু হওয়ার ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।

সংস্কার শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে আদেশ জারি করেছি, তাতে গুরুত্বপূর্ণ কিছু বিধান যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর গণভোট এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।”

ভাষণের মাধ্যমে ড. ইউনূস স্পষ্ট করেন, সংস্কারের প্রক্রিয়া নির্বাচনের সঙ্গেই এগিয়ে যাবে এবং দেশের রাজনৈতিক পুনর্গঠনের পথ আরও স্পষ্ট হবে।

Leave A Reply


Math Captcha
75 − = 67