রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ ও কার্টন জড়ো করে তাতে আগুন দেয়। আগুনের তীব্রতা কমে এলে তারা আবারও সেখানে আগুন লাগায়। বেলা সোয়া ১টার দিকে পর্যন্ত ভবনটিতে ধোঁয়া ও জ্বলন্ত অংশ দেখা যাচ্ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ভবনে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর তেজগাঁও ও ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়েও অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এসব ভবন তখন থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এদিকে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নেন এবং মিছিল করেন।
জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী সোমবার (১৭ নভেম্বর) নির্ধারণ হওয়ায় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছিল।

