Tuesday, November 10

সারা দেশে হত্যাসহ সাত ধরনের অপরাধ বেড়েছে। অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে—ডাকাতি-দস্যুতা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, সিঁধেল চুরি এবং পুলিশের ওপর হামলা। পুলিশ সদর দপ্তরের মাসিক প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বারের তুলনায় অক্টোবরে এসব অপরাধে মামলার সংখ্যা বেড়েছে ৫ শতাংশ।

তথ্য অনুযায়ী, অক্টোবরে হত্যা মামলা হয়েছে ৩১৯টি, সেপ্টেম্বরে ছিল ২৯৭টি। ডাকাতি-দস্যুতায় মামলা ২৩৬টি, সেপ্টেম্বরে ২১০টি। নারী ও শিশু নির্যাতনে মামলা ১,৯৮৫টি, সেপ্টেম্বরে ১,৯২৮টি। অপহরণে মামলা ১১০টি, সেপ্টেম্বরে ৯৬টি। পুলিশের ওপর হামলায় মামলা ৬৯টি, সেপ্টেম্বরে ৪৩টি। চুরি ও সিঁধেল চুরিতে মামলার সংখ্যা ৩০১টি করে, সেপ্টেম্বরে ছিল ২৯৫টি।

মোট হিসাবে সেপ্টেম্বরে ৩,৭৫৭টি মামলার বিপরীতে অক্টোবরে মামলা হয়েছে ৩,৯৫১টি—অর্থাৎ ১৯৪টি মামলা বেড়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ মাসে এ ধরনের অপরাধে মামলা হয়েছে ৩৯ হাজার ৯৩৬টি, গড়ে প্রতি মাসে ৩,০৭২টি এবং প্রতিদিন ১০২টি মামলা।

অপরাধ বৃদ্ধির পেছনে কারণ হিসেবে চিহ্নিত হয়েছে—রাজনৈতিক প্রতিশোধস্পৃহা, এলাকা দখল, চাঁদাবাজি, কমিটি নিয়ে দ্বন্দ্ব, সমাবেশকেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তার। এসব পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থাপনাসহ পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, “নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পুলিশ।” তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মতে, শুধুমাত্র পুলিশি অভিযান নয়, সামাজিক সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধের হার কমানো সম্ভব।

Leave A Reply


Math Captcha
− 6 = 4