Tuesday, November 10

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকবে না, কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে দিয়ে ইন্ডিয়া চলে গেছেন। তবে জনগণকে হতাশ না হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ আপনাদের পাশেই আছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশে ফখরুল বলেন, “ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।”

তিনি আরও বলেন, দেশের জনগণ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা না বুঝলেও আট দল তা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।

মির্জা ফখরুল বলেন, “আগে ভোটে জিতুন, তারপর পিআর বাস্তবায়ন করুন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানব না।”

এর আগে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে মা-বোনদের নির্যাতন করেছিল, তারা এখন দেশটাকে গিলে খেতে চাইছে। এদেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করবে না।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

Leave A Reply


Math Captcha
+ 16 = 17