আমজনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত দলের চেয়ারম্যান তারেক রহমানকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক সাহেব আমজনতার পার্টির রেজিস্ট্রেশনের জন্য অনশনে আছেন। আইনগতভাবে আমাদের পক্ষ থেকে যা বলার ছিল, সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করে জমা দিতে পারেন।”
তিনি আরও বলেন, “আপিল, সংশোধন, পরিমার্জন বা সময় বর্ধন—এসব প্রচলিত প্রথা। তাই আমি আন্তরিকভাবে অনুরোধ করব যেন অনশন ভঙ্গ করে আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের দিকে যান।”
আপিল কোথায় করতে হবে—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “আপিল করতে হবে কমিশন সচিবালয়ে। কারণ, নিবন্ধন সংক্রান্ত চিঠিপত্র সচিবালয় থেকেই দেওয়া হয়। তাই সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিল দাখিল করতে পারেন।”
আপিলের সময়সীমা নিয়ে তিনি বলেন, “কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আজও করতে পারেন, আগামীকালও করতে পারেন। আপিল করা না করা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।”
আইনের বাইরে গিয়ে বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “না, এটা আইনের বাইরে নয়। নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তসাপেক্ষে। দলটি চাইলে সেই বিষয়ে পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন সেটি বিবেচনা করবে কি না, সেটি পরবর্তী সিদ্ধান্তের বিষয়।”
তিনি আরও যোগ করেন, “আমরা চাই না কেউ সীমাবদ্ধতার মধ্যে থাকুক। আইনগত প্রক্রিয়াতেই সমাধান খোঁজা উচিত।”

