Wednesday, November 11

স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রিন রোডের ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন। এ সময় তিনি ধানমণ্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে আবেদনপত্র জমা দেন।

আসিফ মাহমুদ বলেন,

“ঢাকা থেকে নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা। যেহেতু ঢাকায় ভোট দিতে চাই, তাই ভোটার স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছি—যাতে আমার ভোট অপচয় না হয়।”

তিনি আরও বলেন,

“আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন (২০১৮ ও ২০২৪) অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কোনোবারই ভোট দিতে পারিনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।”

সরকারি পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন,

“সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।”

ঢাকা-১০ সংসদীয় আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী করেছে।

নির্বাচনী পরিকল্পনা নিয়ে প্রশ্নে আসিফ মাহমুদ বলেন,

“নির্বাচন কোথা থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, এরপর দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি; আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।”

Leave A Reply


Math Captcha
16 − 7 =