মঙ্গলবার, ৭ নভেম্বর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধা ভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। “সম্পাদকরা জাতির উদ্দেশ্যে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কার্ড ধরিয়ে দেন,” যোগ করেন তিনি।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে শিক্ষার্থীরা নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রীধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে একটি স্মারক লিপি প্রদান করেন। শফিকুল আলম তা উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে তিনি শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা দেন।

