Wednesday, November 11

স্টাফ রিপোর্টার ॥

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে মামলা করেছেন তার বাবা আবুল বাশার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, নিহত তানহার সহপাঠী ও বন্ধু মানিল ফয়সাল সায়মনকে মামলার প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে আসামি করা হয়েছে। ওসি বলেন, “এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপমৃত্যু মামলাটি এখন আত্মহত্যায় প্ররোচনার মামলায় রূপ নিয়েছে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়মন তানহার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তানহার মৃত্যুর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ তাকে দায়ী করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

ইউল্যাবের প্রক্টর সহযোগী অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, “তানহার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সায়মনের বিষয়ে আমরা অবগত আছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তানহার বাবা আবুল বাশার সাংবাদিকদের বলেন, “আমার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার ছিল। সায়মন তাকে মানসিকভাবে ভেঙে দেয়। মৃত্যুর আগে তানহা তার বান্ধবীদের বলেছিল, যদি তার কিছু হয়, তাহলে সায়মন দায়ী থাকবে।”

তিনি আরও বলেন, “সোমবার তানহা আমাকে ফোন করে বলেছিল, ঢাকায় এসে তাকে কুমিল্লা নিয়ে যেতে। কিন্তু সে আর ফিরল না—ফিরেছে কাফনের কাপড়ে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই।”

এদিকে তানহার সহপাঠীরা জানান, মৃত্যুর এক দিন আগে সায়মন তার নতুন প্রেমিকার সঙ্গে কয়েক ঘণ্টা ফোনে কথা বলেন, যিনি ইউল্যাবেরই শিক্ষার্থী। সহপাঠীদের ধারণা, সায়মনের নতুন প্রেমিকার কাছেই হয়তো সায়মনের অবস্থান সম্পর্কে তথ্য থাকতে পারে।

তানহার পরিবার ও সহপাঠীরা অভিযুক্ত সায়মনসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ইউল্যাব প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তারা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সায়মনের স্থায়ী বহিষ্কারের আবেদনও করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
6 + 4 =