Friday, September 18

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মিছিল বা সমাবেশের চেষ্টা করেন, তবে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।

শফিকুল আলম বলেন, “সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির প্রসিকিউশনে ও ট্রায়ালে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ বা ঝটিকা মিছিলের চেষ্টা করে, তাহলে আইনের ‘ফুল ফোর্স অব দ্য ল’ প্রয়োগ করা হবে। কঠোরভাবে আইন কার্যকর হবে, কোনও ব্যত্যয় ঘটবে না।”

প্রেস সচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সরকার কাউকে এক ইঞ্চিও ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “যার বিরুদ্ধে শত শত ছেলেমেয়েকে হত্যার অভিযোগ আছে, সেই ‘বড় কসাই’, ‘বুচার অব বেঙ্গল’ এখন বিদেশে বসে নির্দেশ দিচ্ছেন—এটা আমাদের মনিটরিংয়ে আছে।”

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট দলিল রয়েছে। তাকে ফেরত চেয়ে আমরা চিঠি দিয়েছি।”

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপিকে পাঠানো চিঠি নিয়ে প্রশ্ন করলে প্রেস সচিব বলেন, “এই বিষয়ে ইউএনডিপির কাছেই প্রশ্ন করা উচিত।”

Leave A Reply


Math Captcha
5 + 1 =