Friday, September 18

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুনরায় বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা।

কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত বৃহত্তর মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন— “গরিবের ডাক্তারকে চাই”, “হটাও কাজী, বাঁচাও ধানের শীষ”

মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ ও বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ডা. শহিদুল আলম জনমানুষের নেতা ও গরিবের ভরসা। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুলকে প্রার্থী করার দাবি তোলেন।

মানববন্ধন শেষে নেতারা সাত দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। জানান, দাবি না মানা পর্যন্ত প্রতিদিন আন্দোলন চলবে এবং প্রয়োজনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রথম দিনের কর্মসূচিতে নলতা হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেন ডা. শহিদুলের সমর্থকেরা।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওইদিন রাতেই মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ সমর্থকেরা সানি মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

Leave A Reply


Math Captcha
1 + 5 =