আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৩ আসন বাদে বাকি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনটি অন্তর্ভুক্ত হয়নি।
এ অবস্থায় রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে এক পোস্টে হিরো আলম লিখেছেন,
“বিএনপির দুঃসময়ের সাথি, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও লিখেন,
“আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ— বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।”
উল্লেখ্য, বিএনপি এখনও ব্রাহ্মণবাড়িয়া-২সহ ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি।

