Thursday, November 12

রাজধানীর সাভারে সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে অবশেষে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার।

তিনি বলেন, “এরই মধ্যে তাদের হস্তান্তর করা হয়েছে। ড্যাফোডিলের প্রশাসনের কিছু লোকজন এসেছিলেন, তাদের কাছেই শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে।”

প্রক্টর আরও বলেন, “আমরা তাদের আটক রাখিনি। তারা এখানে ঘুরে ফিরছিল। কিন্তু রাতের বেলায় তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল। আমরা তাদের নিরাপদ রাখার চেষ্টা করেছি, যেন কেউ আঘাত করতে না পারে। এরপর প্রশাসনের প্রতিনিধি দল এসে তাদের নিয়ে গেছে।”

এ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান বলেন, “ছাত্রদের ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের পিটিয়ে আধমরা করে ফেলা হয়েছে। এছাড়াও ছেড়ে দেওয়ার আগে আমাদের ভিসির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে যে, নাকি ভিসিই তাদের ভাঙচুর করতে পাঠিয়েছিলেন।”

তিনি আরও জানান, “মূলত ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) হস্তক্ষেপে শিক্ষার্থীদের মুক্ত করা হয়েছে। ইউজিসির প্রতিনিধি দল, সিটি ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এখন ক্যাম্পাসে ফিরিয়ে এনে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর, ব্যাপক মারধরের শিকার হয়েছে তারা।”

Leave A Reply


Math Captcha
79 + = 81