রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের (৩৬) মরদেহ সোমবার ভোরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় পুরো এলাকা জুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
লাশবাহী গাড়ি বাড়ির সামনে থামতেই হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। গাড়ির ভেতরে চোখ বন্ধ করে শুয়ে থাকা আবুল কালামের দিকে তাকিয়ে থাকে তার দুই সন্তান—আব্দুল্লাহ (৫) ও পারিসা (৩)। শিশুরা মাকে সান্ত্বনা দিতে বলতে থাকে, “মা, তুমি কান্না কোরো না, বাবা ঘুমাচ্ছে।”
কিন্তু মা আইরিন আক্তার প্রিয়া তখন অনবরত কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার সন্তানরা এখনো বুঝতে পারে না তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে—‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না কোরো না।’ আমি কিভাবে বোঝাই যে ওদের বাবা আর কখনো জাগবে না! আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন আমি আর আমার সন্তানরা একেবারে দিশাহারা।”
তিনি আরও বলেন, “রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফোনে জানানো হয়—বাচ্চাদের বাবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে। তখনই আমার মনে হয়েছিল, কিছু একটা ভয়ানক হয়েছে। এখন বাচ্চারা বারবার জিজ্ঞেস করছে—‘ড্যাডি আসে নাই কেন? ড্যাডি আমার জন্য চকোলেট আনবে না?’ আমি কিভাবে বলব, তাদের ড্যাডি আর ফিরবে না।”
আবেগাপ্লুত কণ্ঠে প্রিয়া বলেন, “আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু কাউকে কষ্ট দিইনি। আমার কলিজাগো, আমার বাচ্চাদের বাবাকে ফেরত দেন। এই অল্প বয়সে সব শেষ হয়ে গেল। এখন ওরা কার কাছে যাবে, কে করবে ওদের দেখাশোনা?”
সোমবার সকাল ৯টায় স্থানীয় একটি মাদ্রাসা মাঠে আবুল কালামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহতের চাচাত ভাই নোমান চৌকিদার বলেন, “আবুল কালাম খুবই সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন। তার মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। আমরা চাই, সরকার তার পরিবারকে সহযোগিতা করুক।”
ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো এলাকাকেই শোকে স্তব্ধ করে দিয়েছে।

