সাভার, ২৭ অক্টোবর – সাভারে সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করেন। এ ঘটনার কারণে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা ও ভাঙচুর চালান। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার জন্য অনুরোধ জানান। প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

