রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বাংলাদেশের জন্য বড় চাপের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তাই এখন শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, রাখাইনে নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল পুনর্নির্ধারণ বা ‘রি-ফ্রেমিং’ করা জরুরি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের ভিড়ে রোহিঙ্গা সংকট যেন আড়ালে পড়ে না যায়, সেদিকেও নজর রাখতে হবে।
তিনি বলেন, জাতিসংঘের পাশাপাশি প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতায় প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

