Wednesday, November 4

রাজধানীর বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম, মাছ ও মুরগি। এক মাসেরও বেশি সময় ধরে ডিমের দাম ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি। মাছ ও মাংসের বাজারেও স্বস্তি নেই। এর সঙ্গে বেড়েছে আটা ও চিনির দাম। তবে কিছুটা কমেছে অধিকাংশ সবজির দাম।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা ও মহাখালীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি সপ্তাহে বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা দরে।

ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৬০০ টাকা দরে।

মুরগি ও ডিমের বাজারেও বাড়তি দামের চাপ রয়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্য বিক্রেতাদের হিসাবে সোনালি মুরগির দাম জাতভেদে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। এক মাসেরও বেশি সময় ধরে ডিমের দাম ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি। এর আগে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল।

মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা দরে। ব্রয়লার মুরগির দাম ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি।

এদিকে বেড়েছে আটার দামও। বর্তমানে প্যাকেটজাত দুই কেজির আটা ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন-চার সপ্তাহ আগে একই আটা ১২০ টাকা দরে বিক্রি হয়েছিল। খোলা আটার দামও বেড়ে হয়েছে ৫০ টাকা, যা আগে ছিল ৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

চিনির দামও ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মাসখানেক আগে একই চিনি ১১০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এক মাস আগে সরবরাহ কম থাকায় অনেক সবজির দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছিল।

বর্তমানে বাজারে পটোল ও ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা এবং করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকা, চালকুমড়া ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচকলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ও আলুর দামে অবশ্য তেমন পরিবর্তন নেই। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1