কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ‘কসমেটিকা ঢাকা’র তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রদর্শনীতে ১৬টি দেশের প্রসাধনী ব্র্যান্ড, স্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শামা ওবায়েদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কাঁচামাল ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে পারলে কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কূটনীতির একটি শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠতে পারে।
তিনি বলেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত সার্টিফায়েড হারবাল উপাদানের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ উৎপাদন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে বাংলাদেশের কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে সক্ষম হবে।

