সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মির্জা আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস। স্বামীর সঙ্গে তিনিও দেশে ফিরেছেন। গত রোববার মালয়েশিয়া থেকে আফরোজা আব্বাস জানিয়েছিলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই উন্নত হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা চলবে। প্রতিদিন থেরাপি নিতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
এরপর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে নিয়মিত চিকিৎসা ও ফিজিওথেরাপি নেন তিনি।
দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফিরে আসেন মির্জা আব্বাস। দেশে ফেরার পরও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার নিয়মিত থেরাপি ও চিকিৎসা চলবে।

