বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে টুকুর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রাষ্ট্রপতি কিছু সময় হাসপাতালে অবস্থান করে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
বিদ্যুৎ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঠান্ডা-ফ্লুজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মন্ত্রী। অসুস্থতার কারণে টানা দুই দিন অফিসেও যেতে পারেননি তিনি। এতদিন বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
মঙ্গলবার রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

