জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির অভিযোগ গঠন শুনানি ছয়বার পিছিয়েছে। এর আগে ২৮ এপ্রিল, ২১ মে, ২৫ জুন, ২৬ জুলাই ও ১৩ আগস্ট শুনানির তারিখ পেছানো হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ সলুকে আদালতে হাজির করা হয়। তবে মামলার কারাবন্দি আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মালবাহী ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।
হোসেনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আকরামুজ্জামান ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।
এ ছাড়া মামলায় তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোলডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল রয়েছেন।
অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারণ হওয়ায় ওই দিন মামলাটির পরবর্তী কার্যক্রম এগোনোর কথা রয়েছে।

