মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকায় চা-বাগান, চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সীমান্তবর্তী নিটোলডোবা চা-বাগান পরিদর্শনের মধ্য দিয়ে রাষ্ট্রদূতের এ সফর শুরু হয়। পরে তিনি হরিণমারী এলাকার গ্রিন ফিল্ড টি স্টেট লিমিটেড পরিদর্শন করেন।
সফরের একপর্যায়ে রাষ্ট্রদূত হরিণমারীর ঐতিহ্যবাহী আমগাছটি ঘুরে দেখেন। এরপর তিনি গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করে স্থানীয়ভাবে চা উৎপাদনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।
চা-বাগান পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বাগানের সার্বিক পরিবেশ, চা-পাতা সংগ্রহের প্রক্রিয়া এবং চা উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বালিয়াডাঙ্গীসহ স্থানীয় পর্যায়ে চা শিল্পের সম্ভাবনা ও উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ফইজুল ইসলাম হিরুসহ প্রশাসনের কর্মকর্তা, চা-বাগান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। পুরো পরিদর্শন কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

