প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
এর মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এখন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু করবে সরকার।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ ১ম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নবম বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডে বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন থেকে ১৪৫ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হবে। আর ১ম গ্রেডে বর্তমানে ৭৮ হাজার টাকা মূল বেতন থেকে ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ১ থেকে ২০ গ্রেডের মধ্যবর্তী অন্যান্য ধাপেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আনুপাতিক হারে বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রিসভায় উপস্থাপিত রূপরেখা চূড়ান্ত হওয়ার পর অর্থ বিভাগ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।
