দেশের নাটক ও সিনেমায় প্রেম-রোমান্সনির্ভর কনটেন্টের আধিক্য নিয়ে আপত্তি তুলে এ ধরনের নির্মাণ ও সম্প্রচার বন্ধে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তবে তাঁর নিজের ফেসবুক পোস্টেই রোমান্টিক সিনেমা দেখার তথ্য পাওয়া গেছে।
ফেসবুক পোস্ট অনুযায়ী, ২০২৫ সালের ৫ আগস্ট তিনি ভারতের রোমান্টিক ড্রামা সিনেমা ‘রাধে শ্যাম’ দেখার কথা জানান। এর আগে একই বছরের ৯ মে হলিউডের রোমান্টিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘স্টারডাস্ট’ দেখার বিষয়েও পোস্ট করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে পাঠানো আইনি নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে প্রাপক করা হয়েছে। নোটিশে শুধু প্রেম ও রোমান্সনির্ভর গল্পকে কেন্দ্র করে নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান মামুনের দাবি, সাম্প্রতিক সময়ে দেশের নাটক ও চলচ্চিত্রে প্রেম-রোমান্সনির্ভর গল্পের সংখ্যা বেড়েছে। এতে সাংস্কৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার থেকে মনোযোগ বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কিছু কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপনের বিষয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে শালীনতা, নৈতিকতা ও জাতীয় সংস্কৃতি সংরক্ষণের স্বার্থে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানিয়েছেন আইনজীবী।
