Thursday, November 5

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, ‘কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূল (সা.)-এর জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। তাই জীবনের সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা অর্জন সম্ভব।

আল-কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ তাঁকে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে অনুসরণ ও বাস্তবায়নের চেষ্টা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি যেসব কাজ থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তাঁর জীবন দেখিয়েছে, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা পাওয়া যায়।

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদও বক্তব্য দেন।

আলোচনা সভায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

Leave A Reply


Math Captcha
4 + 6 =