Friday, November 6

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি শিক্ষিত-ভদ্র পরিবারের চারজনকে হত্যা করা হলো। সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে গোয়েন্দা সংস্থার পেছনে। অথচ এমন হত্যাকাণ্ডের সঠিক ক্লু আজও বের করা গেল না।’

তিনি আরও বলেন, হত্যাকাণ্ড নিয়ে প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের বক্তব্যের মধ্যে সামঞ্জস্য নেই। ফলে ঘটনার ধোঁয়াশা এখনো কাটেনি, যা মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে কি না, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সরকার ছয় মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে। এ সময়ে প্রায় সাড়ে ৫০০টি খুনের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে উত্তরবঙ্গে সারের সংকট, লোডশেডিং এবং গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এসব জনদুর্ভোগের দায় সরকারের। সরকারের উচিত জনজীবনের স্বস্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের দায়িত্বে থাকা নেতাদের পদায়ন করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ ও দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষেও দলীয় লোকজনকে পদায়নের অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পরিবর্তে সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে, ‘সবার আগে বিএনপি’—এমন সিদ্ধান্তই নেওয়া হচ্ছে।

দলীয় এমপিদের বিষয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত বিএনপি নেতাদের বিভিন্ন স্থানে প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এতে নির্বাচিত সংসদ সদস্যরা প্রশাসনিক দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিভিন্ন আসন তদারকির দায়িত্ব দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সংরক্ষিত নারী এমপিরা নির্দিষ্ট কোনো আসনের নির্বাচিত প্রতিনিধি নন। সংবিধান ও আরপিও অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার জনগণের দেখাশোনা, উন্নয়ন ও বরাদ্দসংক্রান্ত দায়িত্ব নির্বাচিত এমপির। তাই বর্তমান সরকারের এ ধরনের সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, ইসলামী ছাত্রশিবির নেতা সামসুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 3